ব্রিটেনের গ্লাসগো শহরে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে এশিয়ার পরাশক্তি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অনুপস্থিত থাকায় যে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন; সম্প্রতি তার কঠিন জবাব দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (৩ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন, চীন কাজে বিশ্বাসী, মৌখিক আশ্বাস কিংবা কোনো সস্তা প্রতিশ্রুতিতে নয়। যারা কাজে বিশ্বাস করে, তারা তাদের সক্রিয় কার্যক্রম দিয়েই নিজেদের অবস্থানকে বিশ্বের সামনে স্পষ্ট করে।
তার মতে, জলবায়ুকে রক্ষা করতে হলে আমাদের প্রয়োজন যথাযথ কর্মপরিকল্পনা এবং সেই অনুযায়ী কর্মসূচি নির্ধারণ। তা কখনোই মৌখিক আস্ফালন বা ফাঁকা বুলি দিয়ে হবে না।
সোমবার (১ নভেম্বর) থেকে যুক্তরাজ্যের গ্লাসগো শহরে শুরু হওয়া কপ-২৬ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বিশ্বের অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকলেও সেখানে উপস্থিত হননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। অবশ্য সম্মেলনে উপস্থিত না থাকলেও মস্কো এবং বেইজিং সেখানে নিজেদের প্রতিনিধিদের পাঠিয়েছিল।
এ দিকে বিশ্বের অন্যতম পরাশক্তি দেশ দুটির রাষ্ট্রপ্রধান অনুপস্থিত থাকার বিষয়টির তীব্র সমালোচনা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (২ নভেম্বর) এক ভাষণে চীনের উদ্দেশে প্রেসিডেন্ট বাইডেন বলেন, চীন বিশ্বের মোড়ল হিসেবে আবির্ভূত হতে চাইছে। কিন্তু জলবায়ু সম্মেলনে তাদের প্রেসিডেন্টের না আসার সিদ্ধান্ত একটি বড় ভুল। এটি কখনোই চীনের ‘স্বপ্ন পূরণে’ সহায়ক হবে না।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কটাক্ষ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যেখানে রাশিয়ার বনাঞ্চলসমূহ পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সেখানে কেন দেশটির প্রেসিডেন্ট সম্মেলনে এলেন না। বিষয়টি আমার মোটেও ‘বোধগম্য’ হচ্ছে না।
বিশ্লেষকদের মতে, রাশিয়ার সরকার এই সমালোচনার কোনো জবাব এখনো না দিলেও তাৎক্ষনিকভাবে মার্কিন প্রেসিডেন্টের সমালোচনার কঠিন জবাব দিয়েছিলেন জাতিসংঘে উপস্থিত চীনের প্রতিনিধি ঝ্যাং জুন।
এক বার্তায় ঝ্যাং জুন বলেন, গুরুত্বপূর্ণ এই সম্মেলন আসলে ফাঁকা স্লোগান, অপরিবর্তনীয় নীতি, বিলাসবহুল মোটরগাড়ির শোভাযাত্রা ও বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিদের ভিড় ছাড়া আর ‘কিছুই নয়’। মূলত ঝ্যাং জুনের বার্তার পরই বাইডেনের সমালোচনার জবাব দিয়ে বক্তব্য দিলেন ওয়াং ওয়েনবিন।
উল্লেখ্য, কার্বন ও জলবায়ুর জন্য ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বিশ্বের রাষ্ট্রসমূহের মধ্যে এখনো শীর্ষে আছে চীন। এই তালিকায় চীনের পরেই অর্থাৎ দ্বিতীয় স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র।